Boshonto Family

Full Version: kabbo ampara
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আমার জীবনের সবচেয়ে বড় সাধ ছিল পবিত্র "কোরআন" শরীফের বাঙলা পদ্যানুবাদ করা। সময় ও জ্ঞানের অভাবে সময়মতো তা করে উঠতে পারি নি............"

-কবি কাজী নজরুল ইসলাম।

কবি কাজী নজরুল ইসলাম পবিত্র "কোরআন" শরীফের আমপারার অন্তর্গত 38 টি ছোটছোট সুরার বাঙলা পদ্যানুবাদ করেন। তার অনুবাদ পরীক্ষা ও সত্যায়িত করেন ততকালীন সময়ের খ্যাতনামা আলেম দ্বারা গঠিত একটি কমিটি।

1933 সালে কবি নজরুলের 'কাব্য-আমপারা' প্রকাশিত হয়।









Special Thanks to MADHOBI
সুরা ফাতেহা



(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা,

করুণা কৃপার যাঁর নাই নাই সীমা।

বিচার-দিনের বিভু! কেবল তোমারি

আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি।

সহজ সরল পথে মোদেরে চালাও,

যাদের বিলাও দয়া সে পথ দেখাও।

অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু,

তাহাদের পথে যেন চালায়ো না কভু।



(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম, 20 জ্যৈষ্ঠ 1340)
সুরা নাস



(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।


বল, আমি তাঁরি কাছে মাগি গো শরণ

সকল মানবে যিনি করেন পালন।

কেবল তাঁহারি কাছে - ত্রিভুবন মাঝ

সবার উপাস্য যিনি রাজ- অধিরাজ।

কুমন্ত্রণা দানকারী "খান্নাস" শয়তান

মানব দানব হ'তে চাহি পরিত্রাণ।



(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
সুরা ফলক্


(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।



বল, আমি শরণ যাচি ঊষা-পতির,

হাত হতে তার - সৃষ্টিতে যা আছে তির।

আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার-

এ সব হ'তে অভয় শরণ যাচি তাঁহার।

যাদুর ফুঁয়ে শিথিল করে (কঠিন সাধন)

সংকল্পের বাঁধন, যাচি তার নিবারণ।

ঈর্ষাতুরের বিদ্বেষ যে ক্ষতি করে-

শরণ যাচি, পানাহ্ মাগি তাহার তরে।



(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
সুরা ইখলাস্



(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।



বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়,

নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।

করেন না কাহারেও তিনি যে জনন,

কাহারও ঔরস-জাত তিনি নন।

সমতুল তাঁর

নাই কেহ আর।



(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
সুরা লহব্


(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার

করুণা ও দয়া যাঁর অশেষ অপার।



ধ্বংস হোক্ আবু লাহাবের বাহুদ্বয়,

হইবে বিধ্বস্ত তাহা হইবে নিশ্চয়।

করেছে অর্জ্জন ধন সম্পদ সে যাহা

কিছু নয়, কাজে তার লাগিবে না তাহা।

শিখাময় অনলে সে পশিবে ত্বরায়

সাথে তার সে অনল-কুন্ডে যাবে হায়

জায়া তার - অপবাদ-ইন্ধন বাহিনী,

তাহার গলায় দড়ি বহিবে আপনি।



(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
Pages: 1 2 3
Reference URL's